চলনবিল অঞ্চলে আবারও জেঁকে বসেছে শীত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২২:১৭

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরসহ চলনবিল অঞ্চলে আবারও শীত জেঁকে বসেছে। গত তিন দিন ধরে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা কমে ১১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চলনবিল অঞ্চল। দুপুর নাগাদ সূর্যের দেখা মিলছে না। প্রচণ্ড শীত আর মৃদু শৈত্যপ্রবাহে জনদুর্ভোগ বেড়েছে। দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রকোপ। বুধবার দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল চাটমোহরসহ চলনবিল অঞ্চল। কয়েকদিন শীতের তীব্রতা কম থাকলেও আবারও বেড়েছে। প্রচণ্ড শীতে কাহিল হয়ে পড়েছেন দরিদ্র ও শ্রমজীবী মানুষ। বেড়েছে শীতজনিত রোগ।