কসবায় আইনমন্ত্রীকে জাতীয় পার্টির সমর্থন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ০০:৩১

কসবায় গতকাল বৃহস্পতিবার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হককে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে উপজেলা জাতীয় পার্টি (জাপা)। এ উপলক্ষে আয়োজিত জনসভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি তারেক এ আদেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, ভবিষ্যতে উপজেলায় আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টি সমপরিমান অধিকার পাবে। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের ভূঁয়সী প্রশংসা করে বলেন, ৩০ ডিসেম্বর সকলে ভোট কেন্দ্রে থেকে ভোটারদের সহায়তা করবেন যেন তারা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। তিনি বলেন, এটা ডিসেম্বর মাস। ১৯৭১ সালে এই মাসে আমরা দেশকে শত্রুমু্ক্ত করে বিজয় ছিনিয়ে এনেছিলাম। ঠিক তেমন করে ৩০ ডিসেম্বরও আমরা নৌকাকে বিজয়ী করবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এড্যাভোকেট রাশেদুল কাউসার জীবন, যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।