ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউক্রেনের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৭৬ আরোহীর সবাই নিহত হয়েছে। গতকাল ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ঐ উড়োজাহাজের সব আরোহী নিহত হওয়ার খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। খবর বিবিসি, রয়টার্স ও আল-জাজিরার
কারিগরি সমস্যার কারণে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়। ইমাম খোমেনি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। রাষ্ট্রীয় টেলিভিশনকে ইরানের জরুরি বিভাগের প্রধান পীর হোসেইন কৌলিভান্দ বলেছেন, ‘আগুন অত্যন্ত তীব্র হওয়ায় আমরা কোনো উদ্ধার কাজ করতে পারিনি।’ ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদেহি উড়োজাহাজটিতে ১৭৬ জন যাত্রী ও ক্রু ছিল বলে জানিয়েছেন।
এয়ার ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্যানুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি ফ্লাইট পিএস ৭৫২ এবং সেটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিল। তিন বছরের পুরনো এই উড়োজাহাজটি বোয়িং ৭৩৭-এনজি মডেলের ছিল বলে জানিয়েছে তারা। বোয়িংয়ের এর মুখপাত্র গর্ডন জনড্রো জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনাটির সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কোনো সম্পর্ক নেই। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিম প্রিসতাইকো এক বিবৃতিতে বলেছেন, ইরানে বিধ্বস্ত বিমানটিতে ৮২ জন ইরানি এবং ৬৩ জন কানাডার আরোহী ছিলেন। বাকিরা ইউক্রেন, সুইডেন, আফগানিস্তান, জার্মানি এবং ব্রিটেনের নাগরিক।
