আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
বুধবার বিকালে ইশরাক হোসন স্বাক্ষরিত অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।
অভিযোগের চিঠিতে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনি এলাকার (৫০, সাত মসজিদ রোড, ঢাকা-১২০৫, ঝিগাতলা, মতিঝিলসহ) বিভিন্ন জায়গায় সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধিমালা ২০১৬ আইন ভঙ্গ করে প্রচারণা শুরুর আগেই রঙিন ও সাদাকালো পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগায়, যা সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধিমালা ২০১৬-এর বিধি ৫-এর সুস্পষ্ট লঙ্ঘন। সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধিমালা ২০১৬ অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রকার প্রচার শুরু করতে পারবে না।
