বাসযোগ্য নগরী গড়তে ভোট নষ্ট না করে তাপসকে বিজয়ী করুন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০০:৪২

বাসযোগ্য নগরী গড়তে ভোট নষ্ট না করে নৌকার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী করার জন্য ঢাকা দক্ষিণ সিটির ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। গতকাল বুধবার বিকালে ধানমন্ডি ২৭ নম্বরে ধানমন্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ১৪ দলীয় জোটের শরিক তরিকত ফেডারেশন আয়োজিত একটি অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ আহ্বান জানিয়ে বলেন, তাপস বিজয়ী হলে রাজধানীর চিত্র পালটে যাবে। তাই তাপসের ওপর ভরসা রেখে তাকে বিজয়ী করুন।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। সভাপতিত্ব করেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী। অনুষ্ঠানে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।