১৭৬জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া ইউক্রেনগামী বিমানের উদ্ধারকৃত ব্ল্যাক বক্স বোয়িং বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না ইরান। বৈশ্বিক বিমান বিধিমালার অধীনে, এই ঘটনার তদন্তে নেতৃত্ব দেওয়ার অধিকার ইরানের রয়েছে বলে দাবি করছে দেশটি। খবর বিবিসি'র ।
ইরানের রক্ষণশীল মেহের সংবাদ সংস্থায় প্রকাশিত বক্তব্যে ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (সিএও) প্রধান আলী আবেদজাদেহ বলেছেন, আমরা ব্ল্যাক বক্সটি বিমানটির প্রস্ততকারক সংস্থা বোয়িং অথবা যুক্তরাষ্ট্রকে দেবো না।এই দুর্ঘটনাটি ইরানের বিমান সংস্থা তদন্ত করবে তবে ইউক্রেনীয়রাও উপস্থিত থাকতে পারে বলে জানান আবেদজাদেহ ।
বিমান দুর্ঘটনার ঘটনায় নির্মাতা প্রতিষ্ঠান সাধারণত তদন্তে যুক্ত থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে, বিশ্বের মাত্র কয়েকটি দেশই ব্ল্যাক বক্সগুলো বিশ্লেষণ করতে সক্ষম। তবে কোন দেশ যে এই ব্ল্যাক বক্সগুলো বিশ্লেষণ করবে এটি এখনও পরিষ্কার নয় বলে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে।
এদিকে বোয়িং বলছে যে, তারা যে কোনও প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে, তার দেশ তদন্তে ভূমিকা রাখতে চায় এবং এজন্য তিনি প্রযুক্তিগত সহায়তারও প্রস্তাব দিয়েছেন।
গত ৮ জানুয়ারি (বুধবার) ইউক্রেনীয় বোয়িং ৭৩৭-৮০০ তেহরানের বিমানবন্দর ছেড়ে যাওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়ে যায়। ওই ঘটনায় বিমানটিতে থাকা সকল আরোহী নিহত হন।
ইত্তেফাক/এআর
