টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শত বছরের পুরানো একটি কবরস্থান থেকে ২২ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা, কুরনী ও হাতকুড়া এই তিন গ্রামের সোহাগ নামে সামাজিক কবর থেকে এ কঙ্কাল চুরি হয়। ঘটনার পর এলাকায় মুসুল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি মো. হুমায়ুন তালুকদার জানান, ফতেপুর ইউনিয়নের শুভুল্যা, কুরনী ও হাতকুড়া গ্রামবাসী মিলে শুভুল্যা নামক স্থানে সোহাগ নামে একটি সামাজিক কবরস্থান নির্মাণ করেছেন। এই সামাজিক কবরস্থানে তিন গ্রামের লোকজনের দাফন করা হয়। কবরস্থানের বয়স শত বছরের বেশী। কবরস্থানটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন হওয়ায় সংঘবদ্ধ চোরের দল মঙ্গলবার রাতে একে একে ২২ টি কবরের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। গতকাল বুধবার স্থানীয় লোকজন কবরস্থানে কবর খোড়া দেখে স্থানীয় মেম্বার ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফকে খবর দেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: যদিও প্রতিযোগিতার বাজার, তবুও বার্গেনিং করুন
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, ‘সামাজিক কবরস্থানে কঙ্কাল চুরির খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলছে , তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি।’
এদিকে এর আগে পৌরসভার বাইমহাটি সামাজিক কবরস্থান, বানানিয়ারা সামাজিক কবরস্থান ও গোড়াই এলাকায় সামাজিক কবরস্থান থেকে ৩০-৪০ টি কঙ্কাল চুরি হলেও ঐ ঘটনায় আজ পর্যন্ত কেউ আটক হয়নি।
ইত্তেফাক/এএএম
