কুদস প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ওই ঘাঁটির রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরাকি এক সূত্রের বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে।
ইরাকি ওই সূত্র জানিয়েছে, আমেরিকা নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মার্কিন ঘাঁটিটিতে ইরানের হামলায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এদিকে ইসরাইলের একটি সূত্র জানিয়েছে, বুধবার ইরাক থেকে ২শ’ ২৪ জন আহত মার্কিন সেনাকে চিকিৎসার উদ্দেশ্যে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদ’র ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় অন্ত ৮০ জন মার্কিন সন্ত্রাসী সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয় বলে আইআরসজিসি এক বিবৃতিতে জানিয়েছে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হননি, সেনা ঘাঁটিও সুরক্ষিত রয়েছে।
আরও পড়ুন: ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় কুদস প্রধান জেনারেল কাসেম সোলাইমানিসহ অন্তত ১০ জন নিহত হন। এই ঘটনার পর ইরান ৮ জানুয়ারি পাল্টা হামলা চালিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের প্রথম পদক্ষেপ এটি।
ইত্তেফাক/এসইউ
