দেশের কঠিন সময়, অশান্তি থামলেই সিএএ শুনানি: প্রধান বিচারপতি 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৯:৪২

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবডে বলেছেন, ‘দেশ এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই অশান্তি থামলেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে শুনানি হবে। গতকাল সিএএ-কে ‘সাংবিধানিক’ ঘোষণা করার দাবিতে হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার

এদিন শীর্ষ আদালতে আইনজীবী বিনীত ধান্ডে আবেদন করেন, সিএএ-কে ‘সাংবিধানিক’ ঘোষণা করা হোক। কেননা এটি নিয়ে এখন গুজব ছড়ানো হচ্ছে। তাই তিনি এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। 

এরপরই প্রধান বিচারপতি আবেদনকারীকে জিজ্ঞাসা করেন, ‘আমরা কীভাবে সংসদে পাশ হওয়া একটি আইনকে সাংবিধানিক ঘোষণা করব?’ এরপর অনেকটা ভর্ৎসনার সুরেই তিনি আইনজীবীকে বলেন, ‘আমরা ধরেই নিচ্ছি এই আইন সাংবিধানিক। আপনি যদি আইনের ছাত্র হন তাহলে আপনার এটা জানা উচিত।’ 

আরও পড়ুন: ইরানের হামলায় মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থা ধ্বংস

তিনি বলেন, ‘কোনও আইনকে বৈধ বা সাংবিধানিক ঘোষণা করা আদালতের কাজ নয়। সিএএ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ চলছে। তাই এই সময়ে কোন প্রচেষ্টা হওয়া উচিত শান্তির জন্য। পরিস্থিতি শান্ত হলেই এ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে।’

ইত্তেফাক/এসইউ