হামজার প্রশংসায় লেস্টার কোচ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪৮

হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে যখন মাঠে নামেন, দল তখন এক গোলে পিছিয়ে। সেখান থেকে দল ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে। তাতে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডারের কৃতিত্ব বেশ। তাই ম্যাচ শেষে কোচ ব্রেন্ডন রজার্সের ভূয়সী প্রশংসাই পেলেন তিনি।

গত বুধবার রাতে কারাবাও কাপের সেমিফাইনালে প্রথমার্ধে হজম করা গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। তবে দ্বিতীয়ার্ধে হামজাকে মাঠে আনেন রজার্স। ৭৮ মিনিটে মাঝমাঠে তার জেতা বল ধরেই সমতাসূচক গোলটি করেন কেলেচি ইলেনাচো।

হামজার এমন নৈপুণ্যে উচ্ছ্বসিত রজার্স জানান, ১৯ বছর বয়সি এই মিডফিল্ডার আসায় পরিচয় ফিরে পায় তার দল। প্রথমার্ধে তাকে মাঠে না নামানোয় কিছুটা আক্ষেপও ঝরেছে লেস্টার কোচের কণ্ঠে, ‘সে বড়ো একটা ব্যবধান গড়ে দিয়েছে। তাকে শুরুর একাদশে রাখিনি, এটা আমার ভুল। আমরা তার গুরুত্ব বুঝতে পেরেছিলাম। সে আমাদের মাঝমাঠে প্রেস করাটাকে ফিরিয়ে এনেছে।’