আগামীকাল শুরু হচ্ছে নয় দিনব্যাপী ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত বাংলাদেশের ঐতিহ্যবাহী এই উত্সব এশিয়ার মধ্যে জনপ্রিয় এক উত্সব হিসেবে স্থান করে নিয়েছে। এবারের উত্সবে ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আর বিভিন্ন দেশ থেকে ৯৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছে এ উত্সবে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এ শ্লোগান নিয়ে আগামীকাল শনিবার শুরু হয়ে উত্সব ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে।
আগামীকাল বিকাল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উত্সবের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সভাপতিত্ব করবেন উত্সবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। স্বাগত বক্তব্য রাখবেন উত্সব পরিচালক আহমেদ মুজতবা জামাল। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ‘উইন্ডো টু দ্যা সি’। স্পেন ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিগুয়েল অ্যাঞ্জেল জিমেনেজ।
গতকাল ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্সবের বিস্তারিত তুলে ধরেন উত্সব পরিচালক আহমেদ মুজতবা জামাল। উপস্থিত ছিলেন উত্সব কার্যনির্বাহী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, রেইনবো ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের চেয়ারম্যান কিশোয়ার কামাল, কার্যনির্বাহী সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ, উত্সবের অনুষ্ঠান প্রধান জোহরে জামানি। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কার্যনির্বাহী সদস্য ম. হামিদ। জানানো হয়, উত্সবের ২২০টির মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১১৭টি ও স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১০৩টি। বাংলাদেশের চলচ্চিত্র ২৬টি।
চলচ্চিত্র প্রদর্শন করা হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল ও স্টার সিনেপ্লেক্সের বসুন্ধারা সিটি ও সীমান্ত স্কোয়ারে। এর মধ্যে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, মধুমিতা সিনেমা হল ও স্টার সিনেপ্লেক্সের বসুন্ধারা সিটি ও সীমান্ত স্কোয়ারে দর্শনীর বিনিময়ে মুভি দেখা যাবে। বাকি প্রতিটি হলে বিনামূল্যে মুভি দেখা যাবে। এছাড়াও, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মুভি দেখতে পারবেন।
