বোনের বিয়ের বাজার নিয়ে ফেরা হলো না ভাইয়ের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২২:০৩

ঢাকা থেকে বোনের বিয়ের বাজার নিয়ে বাড়ি ফেরার পথে ভাইসহ দুই জন ও বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো চার জন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

আগৈলঝাড়া (বরিশাল): ঢাকা থেকে বোনের বিয়ের বাজার নিয়ে নিজ এলাকা আগৈলঝাড়ায় ফেরার পথে ভাইসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আগৈলঝাড়ার শিহিপাশা গ্রামের রবিউল সরদার (৩৪) ও গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের শাকিল গোমস্তা (২৮)। বুধবার মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এসএ ট্রাভেলসের বাস রবিউলকে বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের ভ্যানচালক লোকমান সরদারের দুই ছেলে ও এক মেয়ে সোনিয়া। বোন সোনিয়ার বিয়ের দিন ধার্য ছিল আজ শুক্রবার। তাদের পরিবারের একমাত্র আয়ের উত্স বড়ো ছেলে রবিউল।

স্টাফ রিপোর্টার, রংপুর: সদর উপজেলার ৪ নম্বর সদ্যপুস্করিণী ইউনিয়নের নয়াপুকুর বালাপাড়া এলাকায় গতকাল ট্রাক্টর চাপায় মহুবার নামে এক জন নিহত ও ড্রাইভারসহ আহত হয়েছেন আরো তিন জন। মহুবার দক্ষিণ ভেলু এলাকার আবদুস সালাম মিয়ার ছেলে।

জামালপুর: সরিষাবাড়ী উপজেলায় কাঠবোঝাই একটি ট্রাক উল্টে এক কাঠ ব্যবসায়ীসহ সাত শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গত বুধবার উপজেলার বাউশী ইজারাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নলছিটি (ঝালকাঠি): নলছিটিতে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সিনথিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার মোল্লারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সিনথিয়া সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্যবসায়ী শামীম হাওলাদারের মেয়ে।

রায়পুরা (নরসিংদী): রায়পুরায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. শামীম খান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের পুলেরঘাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শামীম ময়মনসিংহে ধোবাউড়া উপজেলার গামারীতলা এলাকার মো. জয়নাল খানের ছেলে।