কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মুরাদনগর উপজেলা যুব লীগের আহ্বায়ক খায়রুল আলম সাধন (৫০) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে সাধনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহত সাধন মুরাদনগর উপজেলার ভুবনঘর গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে মোস্তফাপুর এলাকায় মহাসড়কের পাশে একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে সাধনকে শনাক্ত করে। নিহত সাধনের আত্মীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকার বনশ্রী এলাকার বাসা থেকে ২ লাখ টাকা নিয়ে খায়রুল আলম সাধন মুরাদনগরের উদ্দেশে রওয়ানা দেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী সাধনের লাশের কাছে ভিড় জমায়। সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, সাধনের বাঁ চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে—দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে তাকে হত্যার পর মোস্তফাপুরে লাশ ফেলে পালিয়ে যেতে পারে। তবে কী কারণে বা কোন স্থানে তাকে খুন করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
