দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে ১ কোটি ৮৫ লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও বাসভবনে আভিযান চালিয়ে চারটি ট্রাভেল ব্যাগে রাখা টাকাগুলো উদ্ধার করা হয়।
সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে দুদকের পাঁচ সদস্যের একটি দল অবৈধ ভাবে অর্জিত বিপুল পরিমাণের এ অর্থ উদ্ধার করেন। এসময় দুদক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. দবির উদ্দীন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী ও সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান উপস্থিত ছিলেন। গ্রেফতার মো. তাজুল ইসলাম ২০১৬ সালের ১ জুলাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে পার্বতীপুর উপজেলায় যোগদান করেন।
গত সাড়ে তিন বছরে পার্বতীপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে অবৈধ ভাবে এসব অর্থ সরিয়েছেন বলে সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান ধারণা করছেন। গোপন সূত্রে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে তিনি জানান।
