নৌকা-ধানের শীষের প্রচারযুদ্ধ শুরু আজ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২২:২২

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে। দেশের ঐতিহ্যবাহী নৌকা আর ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারের দ্বারে দ্বারে ঘোরার সুযোগ পাবেন আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীরা। পাশাপাশি অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা নিজস্ব প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন।  আজ সকালে প্রতীক বরাদ্দের পর নিয়ম মেনে প্রার্থীরা প্রচার চালাবেন ২৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। দুই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। এরই মধ্যে দুই সিটিতে মেয়র পদে ভোটে লড়বেন ১৩ জন প্রার্থী।

বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে কোনো মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলেও কাউন্সিলর প্রার্থীদের একটি বড়ো অংশ মনোনয়ন প্রত্যাহার করেছেন। দুই সিটি থেকে ২৬৮ জন কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে উত্তর থেকে ১২৩ জন এবং দক্ষিণ থেকে ১৪৫ জন কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচনি প্রচারণায় কোনো মন্ত্রী-এমপি বা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নিতে পারবেন না।

দুই রিটার্নিং অফিসার জানিয়েছেন, বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আইন মেনে প্রচার চালাতে পারবেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করে প্রচারণা চালাতে পারবেন। প্রার্থীরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ক্যাম্প স্থাপন করতে পারবেন।

উত্তরে মেয়র পদে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফজলে বারী মাসউদ, সিপিবির সাজেদুল হক ও এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

দক্ষিণে মেয়র পদে প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টি-জাপার হাজী মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।

জোরপূর্বক প্রার্থিতা প্রত্যাহার :জোরপূর্বক প্রার্থিতা প্রত্যাহার করার অভিযোগ করেছেন বিএনপির সমর্থিত ঢাকা দক্ষিণের ৬ নম্বর সংরক্ষিত আসনের প্রার্থী রফিকা আফরোজ। রিটার্নিং অফিসার আবদুল বাতেনের বরাবর পাঠানো এক অভিযোগে তিনি জানান, ঢাকা দক্ষিণের ৬ নম্বর সংরক্ষিত (১৬, ১৭ ও ২১ নম্বর সাধারণ ওয়ার্ড) আসনের একজন বৈধ প্রার্থী।