সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন আর নেই

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১১:০৫

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ - শরণখোলা) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার রাত পোনে ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহে ......... রাজেইন)।  তার বয়স হয়েছিলো ৮০ বছর।

 

জাতীয় সংসদ সদস্যদের জন্য সরকারি বাসভবন ন্যাম ফ্লাটে অবস্থানকালে এক সপ্তাহ আগে প্রবীণ এই জননেতা দ্বিতীয় দফা স্টোকে আক্রান্ত হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার দুটি কিডনী অকেজো হয়ে পড়লে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

প্রবীণ এই জননেতার একমাত্র সন্তান ড. প্রফেসর মাহমুদ হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি। তার প্রয়াত স্ত্রী জাহানারা বেগম বাগেরহাট জাহানাবাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আরও পড়ুন : বাণিজ্য মেলা আজ বন্ধ

১৯৮১ সাল থেকে প্রবীন এই জননেতা প্রথমে তদানিন্তন বাগেরহাট মহকুমা আওয়ামী লীগের সভাপতি থেকে পরে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ডা. মোজাম্মেল হোসেন ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত ‘৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই দেশে চালু হয় মুক্তিযোদ্ধা- বয়স্ক ও বিধবা ভাতা।

বাগেরহাটের খ্যাতনামা চিকিৎসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন ১৯৯১ সালে বাগেরহাট- ১ (ফকিরহাট- মোল্লাহাট ও চিতলমারী) আসন থেকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে বাগেরহাট- ১ (ফকিরহাট- মোল্লাহাট ও চিতলমারী) আসন থেকে আওয়ামী লীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নির্বাচন করলে ডা. মোজাম্মেল হোসেনের আসন পরিবর্তন করে বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ- শরণখোলা) আসনে তাকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়। বর্তমান সংসদ সদস্য ড. মোজাম্মেল হোসেন তার জন্মস্থানের এই আসন থেকে আরো ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ জানান, আমাদের অভিভাবক সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের প্রথম নামাজে জানাজা শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত হবে। এরপর এই জননেতার মরদেহ হেলিকপ্টার করে দুপুরে বাগেরহাটে নিয়ে আসা হবে। বাদজুমা বাগেরহাট স্টেডিয়ামে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে বিকাল সাড়ে ৩টায় তার নিজ সংসদীয় এলাকার মোরেলগঞ্জ সদরের এসি লাহা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও সর্বশেষ আসর নামাজ বাদ তার নিজ গ্রাম এই উপজেলার কচুবুনিয়া গ্রামে হাজী রহমত আলী মাধ্যামিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইত্তেফাক/এমআরএম