কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের নির্বাচনকে আওয়ামী লীগ তাদের জন্য মর্যাদার লড়াই হিসেবে দেখছে। অন্যদিকে বিএনপি কাজ করছে আসন পুনরুদ্ধার করতে।
আওয়ামী লীগ নেতারা বলেছেন, দীর্ঘ ৩৫ বছর পর যে আসনটি উদ্ধার করা হয়েছে, সে আসনটি ধরে রেখে এর মর্যাদা রক্ষা করাই এখন প্রধান কাজ। এখন সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন দুইবারের এমপি ও মহাজোটের প্রার্থী আফজাল হোসেন এমপি।
তিনি বলেন, তৃণমূলের সবাই নৌকার পক্ষে কাজ করছেন। এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আশা করছি ৩০ ডিসেম্বর জনগণ নৌকায় ভোট দিয়ে এবারও জয় নিশ্চিত করবে।
অন্যদিকে হারানো আসনটি উদ্ধারে মরিয়া বিএনপি। দলে এবারই প্রথম ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সহসভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল। প্রার্থী হিসেবে নতুন হলেও দীর্ঘদিন ধরে তিনি এলাকায় কাজ করে যাচ্ছেন।
আরো পড়ুন : মহেশপুরে নৌকার মিছিলে জামায়াত-বিএনপির হামলা, আহত ৫
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের ৭ জন প্রার্থী রয়েছে। আওয়ামী লীগ প্রার্থী মো. আফজাল হোসেন এমপি, বিএনপি প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী মো. ফরিদ আহাম্মদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রার্থী খন্দকার মোছলেহ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. ইব্রাহীম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী সেলিনা সুলতানা এবং ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী শাহ আলম।
ইত্তেফাক/ইউবি
