ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-যুব লে দ্রিয়ান বলেছেন, ইরান যে হারে পরমাণু চুক্তির শর্ত থেকে সরছে, তাতে এক-দুই বছরের মধ্যে দেশটি পারমাণবিক অস্ত্রধারী দেশে পরিণত হতে পারে। আরটিএল রেডিওকে দেওয়া মন্তব্যে তিনি বলেন, ‘যদি তারা ভিয়েনায় হওয়া চুক্তির শর্ত ধারাবাহিকভাবে লংঘন করতে থাকে, তাহলে অবশ্যই, অতি অল্প সময়ের মধ্যে, হয়তো এক-দুই বছরের মধ্যেই তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারে।’
এদিকে সাম্প্রতিক সময়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার তীব্র উত্তেজনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। শুক্রবার এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা কমিয়ে আনার বিষয়ে আলোচনা হওয়ার কথা। ইউরোপীয় নেতারা ইরান এবং যুক্তরাষ্ট্রকে এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ দেখাতে চান। তারা চান উভয় দেশই যেন সংঘাত থেকে দূরে থাকে। তাদের মতে, ইরান বা যুক্তরাষ্ট্র যদি এই মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নেয় তবে তা যুদ্ধে গিয়ে ঠেকতে পারে।
এর আগে বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি যতদিন প্রেসিডেন্ট থাকবেন ততদিন ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হতে দেবেন না। তিনি বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা বাদ দেয় এবং সন্ত্রাসের পথ ত্যাগ করে, তাহলে শান্তি স্থাপনেও আমরা প্রস্তুত।
