শুধু লিগেই চুক্তিবদ্ধ থাকবেন খেলোয়াড়রা

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৩৩

নারী ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

প্রায় সাত বছর পর শুরু হতে যাচ্ছে মহিলা ফুটবল লিগ। এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছে ক্লাবগুলো। নতুন দল যোগ হয়েছে নাসরিন স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংস, উত্তরবঙ্গ এফসি, শেখ রাসেল ক্রীড়াচক্র, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের নাম এন্ট্রি হয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে।

ওয়ালটন স্পোর্টস ক্লাব নামের একটি দলও খেলবে বলে জানা গেছে। এট্রি এখন চূড়ান্ত না হলেও ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে বলছিলেন তারা এই নামে একটি দল মহিলা ফুটবলে নামাতে চান। দেশের ফুটবলের স্বার্থের কথা বিবেচনা করে মহিলা ফুটবলে আরো বেশি কাজ করতে চান।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব মহিলা ফুটবলের সাবেক চ্যাম্পিয়ন। তারা এবার লিগে খেলবে বলে শোনা গেলেও এখন বলছে খেলবে না। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন তার জানা নেই শেখ জামাল ক্লাব মহিলা লিগে খেলবে কিনা।

 তিনি বলেন, ‘ক্লাবের সিদ্ধান্ত হলে আমি জানতাম। মহিলা লিগের ব্যপারটা আমার নলেজে নেই।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘শেখ জামাল মহিলা লিগে খেলার জন্য এন্ট্রি করেনি। ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজ ভাই মৌখিকভাবে জানিয়েছিলেন শেখ জামাল মহিলা লিগে খেলবে। তবে এখন মনে হচ্ছে না তারা খেলবে। আমরা তাদের অনাগ্রহ ধরে নিয়েই লিগ আয়োজনের কথা ভাবছি।’

অফিস দল বিজেএমসি এবং আনসার মহিলা দল খেলবে না কি না বলতে তা নিশ্চিত না। তবে বাফুফের একটি সূত্র মতে, এই দুই দল ছাড়াই লিগ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩১ জানুয়ারি ফুটবল লিগ মাঠে গড়ানোর কথা। এরই মধ্যে দলবদলের প্রস্তুতিও নিয়ে ফেলেছে বাফুফে। একটা তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি মহিলা ফুটবলের খেলোয়াড়দের নাম রেজিস্ট্রেশনের সময় ঘোষণা করা আছে।

গতকাল বাফুফে জানিয়েছে ক্লাবগুলোর কাছে রেজিস্ট্রেন ফরম পাঠানো হবে। তারা যেসব খেলোয়াড়ের নাম পাবে সেটাই চূড়ান্ত ধরে নেয়া হবে। পেশাদার ফুটবল লিগে খেলোয়াড়দের জন্য যেসব নিয়ম নির্ধারণ করা আছে সেগুলো এখানে অনুসরণ করা হবে না। বেতন চুক্তি কিছুই উল্লেখ থাকবে না। এক পাতার একটি ফরম পাঠানো হবে। যেখানে নাম ঠিকানা সহ প্রয়োজনী তথ্য থাকবে। ২৩ ফুটবলার রেজিস্ট্রেশন করানো যাবে। তবে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে খেলোয়াড়রা চুক্তিবদ্ধ থাকবেন। সোহাগ বললেন, ‘খেলা শেষ চুক্তিও শেষ। এটাই তো হওয়ার কথা। তাই না।’