আপাতত চাকরি যাচ্ছে না বার্সা কোচের

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৩৩

স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমে দলের অধারাবাহিক পারফরম্যান্সে বার্সেলোনায় কোচ এরনেস্তো ভালভেরদের শেষ দেখছিলেন অনেকেই। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের হারের পর চাপ বেড়েছে আরো। তবে কঠিন সময়ে শিষ্যদের পাশে পাচ্ছেন এই স্প্যানিয়ার্ড। এমনকি বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমুকেও পাচ্ছেন তিনি।

অধিনায়ক লিওনেল মেসি ও অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ এর আগেই জানিয়েছিলেন, কোচের প্রতি পুরো আস্থা আছে দলের। কিন্তু গুঞ্জন ছিল আগামী সোমবার বার্সেলোনার বোর্ড সভায় তাকে বরখাস্ত করা হতে পারে। কিন্তু মার্কা জানাচ্ছে বার্তোমু চান না এ মুহূর্তে ভালভার্দে চলে যান। এর একটা কারণ সর্বশেষ খেলাটিতে বার্সেলোনা শেষ ১৫ মিনিটের আগ পর্যন্ত ভালোই খেলেছিল। অপর কারণ হলো কোচের প্রতি খেলোয়াড়দের এখনো সমর্থন থাকা।