রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
মালচিং মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের পরিবেশবান্ধব পদ্ধতি। বর্তমানে বাংলাদেশেও কৃষি বিভাগের উদ্যোগে পাইলট প্রোগ্রাম হিসেবে বিভিন্ন স্থানে এই পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে নওগাঁর রাণীনগর উপজেলাতে এই প্রথম মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে টম্যাটো। এই পদ্ধতিতে উত্পাদিত বিষমুক্ত সবজির ফলন ও দাম ভালো পাওয়ায় উত্সাহিত হচ্ছেন স্থানীয় অনেক কৃষক।
জেলায় সর্বপ্রথম রাণীনগর উপজেলার বেতগাড়ী বাজারের কৃষক মাসুদ রানা এই নতুন পদ্ধতিতে টম্যাটো চাষ করেছেন।
মাসুদ রানা বলেন, তিনি প্রথমে ইউটিউবে এই পদ্ধতিতে সবজি চাষ দেখেন এবং পরে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে ও সহযোগিতায় নিজেই পাইলট প্রোগ্রাম হিসেবে টম্যাটো চাষ করেছেন। এই পদ্ধতিতে তিনি টম্যাটো চাষ করে অভাবনীয় ফলন পেয়েছেন। বিষমুক্ত সবজি চাষের জন্য এটি উত্তম পদ্ধতি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, গতানুগতিক পদ্ধতি থেকে বের হয়ে পরিবেশবান্ধব ও সহজলভ্য পদ্ধতিতে সবজি চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যেই মালচিং পদ্ধতি আমাদের দেশে আনা হয়েছে। আর মালচিং অত্যন্ত সহজলভ্য, লাভজনক ও বিষমুক্ত সবজি চাষের একটি অন্যতম পদ্ধতি। এটি মূলত বিদেশি একটি পদ্ধতি। এই পদ্ধতিতে সবজি চাষ করলে লাভ হবে অনেক বেশি। ইতিমধ্যেই মাসুদ রানার দেখাদেখি স্থানীয় অনেক কৃষক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এই পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী কৃষকদের আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব।
