শরীয়তপুর পৌরসভা
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর পৌরসভার পানি সরবরাহের দুটি পাম্প বন্ধ রয়েছে। এ কারণে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সাত দিন যাবত্ পানি সরবরাহ বন্ধ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পানি সরবরাহ বন্ধ থাকায় ঐ তিনটি ওয়ার্ডের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
শরীয়তপুর পৌরসভা সূত্র জানায়, ৭০ হাজার মানুষের পানির সেবা দেওয়ার জন্য আটটি পানির পাম্প রয়েছে। যার মাধ্যমে প্রতিদিন ৪৫ হাজার থেকে ৫০ হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে।
পৌরসভার ধানুকা ও আংগারিয়া বাজারে অবস্থিত দুটি পাম্পের পানি সরবরাহ বন্ধ। ঐ দুটি পাম্প থেকে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পানি সরবরাহ দেওয়া হতো। গত শনিবার পাম্পের ১৫ অশ্ব ক্ষমতা সম্পন্ন দুটি মটর নষ্ট হয়ে যায়।
ধানুকা এলাকার গৃহবধূ শিউলি আক্তার বলেন, আমরা পৌরসভার সরবরাহকৃত পানির ওপর নির্ভরশীল। সাত দিন যাবত্ পানি সরবরাহ বন্ধ, পানির বিকল্প উত্স না থাকায় বিপাকে পড়েছি। জানি না পানি সরবরাহ স্বাভাবিক করতে কত দিন লাগবে।
৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেন বলেন, এই শীতের সময় যদি হাতের নাগালে পানি না থাকে তাহলে কেমন দুর্ভোগ হয় তা বুঝাতে পারব না। পাঁচ দিন যাবত্ পরিবারের প্রয়োজনীয় পানি অন্য জায়গা থেকে আনতে হচ্ছে। সীমাহীন কষ্টের মধ্যে এ কাজটি করতে হচ্ছে। পৌরসভার উচিত ছিল বিকল্প মটর রাখার। যাতে একটা নষ্ট হলে আরেকটায় ব্যাকাপ দিতে পারে।
শরীয়তপুর পৌরসভার পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, পানি সরবরাহের মটরটি উচ্চক্ষমতা সম্পন্ন। যেটি মেরামত শরীয়তপুরে হয় না। তাই নষ্ট হওয়া ঐ দুটি মটর মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আশা করছি চার-পাঁচ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে দুটি পাম্পের পানি সরবরাহ বন্ধ রয়েছে। পাম্পের মটরের ত্রুটির জন্য এমন হয়েছে। মটর মেরামতের কাজ চলছে। যতদ্রুত সম্ভব নাগরিকদের দুর্ভোগ কমিয়ে দেওয়া হবে।
