মহেশপুরে মেম্বারকে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৩৭

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মান্দারবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মা ও ছোটো ভাই আহত হয়। তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ বেড হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল আতিকুল হক জানান, মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে বাড়ির সামনেই এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।