চিকিত্সকদের আগে মানবিক মানুষ হতে হবে

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৩৮

কক্সবাজার মেডিক্যাল কলেজের নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভায় বিএসএমএমইউ উপাচার্য

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, একজন চিকিত্সককে আগে মানবিক মানুষ হতে হবে। ডাক্তারি সেবামূলক পেশা। এ পেশায় জড়িত অনেকের বিরুদ্ধে রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। এমনটি হয়ে থাকলে চিকিত্সকের প্রতি সেবাপ্রার্থীদের বিশ্বাস জন্মাবে না। বিশ্বাস এবং ভালোবাসার সমন্বয়ে মানবিক আচরণ যুক্ত করতে পারলে চিকিত্সক হিসেবে পূজনীয় হওয়া যায়। কক্সবাজার সরকারি মেডিক্যাল কলেজে শুক্রবার সকালে অনুষ্ঠিত ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সুবাস চন্দ্র সাহার সভাপতিত্বে ও প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুপস পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীসহ অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।