ইত্তেফাক রিপোর্ট
বিচারহীনতার সংস্কৃতি এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সমাজে ধর্ষণের মতো নিকৃষ্ট বিষয়কে জিইয়ে রেখেছে। অবিলম্বে ধর্ষণের বিরুদ্ধে বিচার ত্বরান্বিত করা এবং ধর্ষণ প্রতিরোধে জনগণকে সংগঠিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রতি ঘটে যাওয়া আলোচিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘নারী সংহতি’ এই সমাবেশের আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারী সংহতির জান্নাতুল মরিয়ম, ইকরামুন্নেসা চম্পা, সুমি রেক্সোনা, রেবেকা নীলা ও অপরাজিতা চন্দ বক্তব্য রাখেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষক মিথিলা মাহফুজ, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, রাবেয়া রফিক রিমি, গার্মেন্ট শ্রমিক সংহতির প্রবীর সাহাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ, কাফরুলে পোশাক শ্রমিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং সবুজবাগে শিশু ধর্ষণ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক নিপীড়িত হওয়ার ঘটনা রীতিমত জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। পাহাড়ে সমতলে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কল-কারখানায় পথেঘাটে পরিবহনে কোথাও নারীর নিরাপত্তা দিতে সক্ষম নয় এই রাষ্ট্র। এই নিরাপত্তাহীনতা জনগণের মধ্যে ভয় ও দিশেহারা পরিস্থিতি তৈরি করেছে। সারাদেশে নারীর এই নিরাপত্তাহীনতা প্রশ্ন রাষ্ট্রের ভূমিকাকে প্রশ্নের মুখোমুখি করেছে। তারা আরো বলেন, মধ্যবিত্ত কিংবা পরিচিতজন নয় সমাজের সব শ্রেণির নারীর ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
