আদালতে জবানবন্দি দিলেন ঢাবির সেই শিক্ষার্থী

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২২:৩৪

আদালতে জবানবন্দি দিয়েছেন ঢাকার কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী। গতকাল শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার খাস কামরায় ঐ শিক্ষার্থী জবানবন্দি দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী ঐ জবানবন্দি রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট। এর আগে দুপুরে ক্ষতিগ্রস্ত ঐ শিক্ষার্থীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক।

গত ৫ জানুয়ারি নগরীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা বাসস্ট্যান্ড হতে ৪০-৫০ গজ সামনে সড়কের পাশে একটি স্থানে ধর্ষণের শিকার হন ঐ           ছাত্রী। এ ঘটনায় তার বাবার দায়েরকৃত মামলায় গত বৃহস্পতিবার গ্রেফতার হন ধর্ষক মজনু। তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।