কেরানীগঞ্জে ভবনের ছাদ থেকে ফেলে যুবককে হত্যা

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২২:৩৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পশ্চিম আগানগর এলাকায় শুক্রবার দুপুরে শিহাব (২৭) নামে এক যুবককে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তার বন্ধু নাঈমকে খুঁজছে পুলিশ।

নিহতের বাবা সাহেদ আলী বাবুর্চি জানান, সকালে নাস্তা খেয়ে বন্ধু নাঈমের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যায় শিহাব। নির্মাণাধীন ভবনের দারোয়ানের বরাত দিয়ে মা সখিনা বেগম জানান, নাঈম ও তার দুই বন্ধুসহ শিহাবকে দুপুরে ভবনে উঠতে দেখেছে দারোয়ান। কিছুক্ষণ পর দারোয়ান একটা শব্দ শুনতে পায় এবং নাইম ও তার বন্ধুকে (অজ্ঞাত পরিচয়) দ্রুত ভবন থেকে নেমে যেতে দেখে। পরে শিহাবের লাশ দেখতে পেয়ে দারোয়ান নিহতের মা সখিনা বেগমকে খবর দিলে তিনি গিয়ে লাশ শনাক্ত করে পুলিশকে খবর দেন। স্বজনদের অভিযোগ বন্ধু নাঈমই শিহাবকে হত্যা করেছে। ঘটনার পর থেকে নাঈম পলাতক। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই জালাল হোসেন জানান, নিহত শিহাবের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে নাঈম ও তার বন্ধুরা শিহাবকে মাথায় আঘাত করে চারতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করে। পুলিশ আরো জানায়, নিহত শিহাব মাদকাসক্ত ছিল ও মাদক বিক্রেতাদের সঙ্গে চলাফেরা করত। তার বিরুদ্ধে থানায় মামলা ছিল। 

পুলিশ ঘটনাস্থল থেকে দুপুর ২টার দিকে নিহত শিহাবের লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিহতের পিতা সাহেদ আলী বাবুর্চি বাদী হয়ে একটি অপমৃত্য মামলা করেছেন। পুলিশ পলাতক নাঈমকে আটকের চেষ্টা করছে।