রাজধানীর দারুস সালামে গলায় মাফলার পেঁচিয়ে এক ব্যক্তিকে হত্যা

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০০:২৮

রাজধানীর দারুস সালাম এলাকার জহুরাবাদের ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২টায় জহুরাবাদ বস্তি এলাকার মোহাম্মদ আলীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন বলেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে এক বা একাধিক ব্যক্তি আনোয়ারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় আনোয়ারের বড়ো ভাই চান মিয়া থানায় মামলা করেছেন। মামলার এজাহারের সূত্র ধরে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আনোয়ারের ভাই চান মিয়া জানান, তাদের বাড়ি পটুয়াখালীর দুমকি এলাকায়। আনোয়ার গত ১৫ বছর ধরে পারিবারিকভাবে বিচ্ছিন্ন ছিল। তার কোনো ছেলেমেয়ে নেই। কোনো কাজও করতেন না। বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। চেয়েচিন্তে খাবার যোগাড় করতেন। তাকে কেন বা কারা হত্যা করল কিছুই বুঝতে পারছেন না।

দারুস সালাম থানার অপর এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি মাফলার উদ্ধার করা হয়েছে, যেটি আনোয়ারের গলায় পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বাড়িওয়ালা মোহাম্মদ আলীসহ একাধিক প্রতিবেশীকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিদর্শক দুলাল হোসেন জানান, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেলেও সঠিক কারণ জানার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।