আমিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য : ট্রাম্প

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০০:৩০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনিই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি গতবারের নোবেল পুরস্কার নিয়েও সমালোচনা করেন। বৃহস্পতিবার ওহাইওর টলেডোতে সমর্থকদের এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। খবর বিবিসি ও আল-জাজিরা’র

প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের নোবেল শান্তি পুরস্কারের কথা বলছি। আমি আপনাদের বলছি যে, আমি একটি চুক্তি করলাম। একটি দেশকে রক্ষা করলাম। আর আমি শুনতে পেলাম যে দেশকে রক্ষার জন্য ঐ দেশেরই প্রধান নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। এজন্য আমি কী করতে পারতাম? হ্যাঁ আপনারা জানেন এভাবেই চলে’। তিনি বলেন, ‘আমি একটি যুদ্ধ থেকে রক্ষা করেছিলাম। এভাবে অনেকবার করেছি’। তার এই বক্তব্য তিনি টুইটারে শেয়ার করেছেন।

সিনেটে যাচ্ছে অভিশংসন প্রক্রিয়া

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি গতকাল বলেছেন, আগামী সপ্তাহে (বাংলাদেশের চলতি সপ্তাহে) উচ্চকক্ষ সিনেটে ইমপিচমেন্ট আর্টিকেল উপস্থাপন করবেন তারা। এর মাধ্যমে সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের বিচার শুরু হবে। তিনি বলেন, ‘আমি জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরি নাডলারকে এ বিষয়ে প্রস্তুতি নিতে বলেছি’। গত বছরের ১৮ ডিসেম্বর প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন প্রেসিডেন্ট ট্রাম্প।