বুড়িমারী সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৪:৪৮

বুড়িমারী সীমান্তের ওপারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সায়েদ (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। তার বাড়ী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামে। বাবার নাম বেনজির আলী।  
 
বিজিবি ও এলাকাবাসিরা জানায়, শুক্রবার রাত ১ টার দিকে সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু আনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় আবু সায়েদ।

নিহতের ভাই আবু বক্কর সিদ্দিক দাবি করেন, তার ভাইকে গরুপারাপারকারী (ডাঙ্গোয়াল) দল ভারতে নিয়ে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

আরও পড়ুন : চৌদ্দগ্রামে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু, আহত ২

বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ বিজিবি বুড়িমারী কোম্পানি কমান্ডার আবুল হোসেন বলেন, ‘আমরা খবর নিয়ে জেনেছি ওই বাংলাদেশি যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভারতে মারা গেছে। লাশ মেকলিগঞ্জ থানায় রয়েছে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের নিকট চিঠি দেওয়া হয়েছে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সীমান্তে বাংলাদেশি নিহত হয়েছে বলে শুনেছি। বিএসএফ- বিজিবি পতাকা বৈঠকের পর লাশ ফেরত প্রদান করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এমআরএম