সবার আমি পাত্র

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৩৬

 

/ হুসাইন আল হাফিজ

 

আকাশ আমায় শিক্ষা দিল যেতে ঘরের বাইরে

সকল মেয়ের কাছে আমি কর্মী হতে চাই রে।

মনের ভেতর পাহাড় সমান পাত্রী দেখার ইচ্ছা

পাত্রী দেখা খুব সোজা না; শোনেন, আজব কিচ্ছা।

খোলা মাঠের কাছে পেলাম উপদেশ এক রত্তি

পাত্রী দেখার ইচ্ছে আমার পূরণ হবেই সত্যি।

সূর্য আমায় মন্ত্রণা দেয় দেখতে মেয়ে, পয়লা;

পরীক্ষাটা করতে মেয়ে কোনটা সাদা, কয়লা!

চাঁদের কথায় হাসতে গিয়ে ধরা খেলাম এই তো

পাত্রী জেনে গেল আমার দাঁত দুটো ভাই নেই তো।

নদীর কাছে শিক্ষা পেলাম বেগে কথা বলতে

কথার মাঝে রসের খোরাক থাকে যেন জ্বলতে।

রস মাখিয়ে বলতে কথা পাত্রীকে কই, থাম না!

তোরে ভীষণ ভালোবাসি, তুই-ই আমার জান, না?

শ্বশুর আমার কথায় বেজার, শাশুড়ি খুব মুগ্ধ

বায়ুর কাছে মন্ত্র শিখে হলাম পরে মুক্ত।

একটা-দুটা করে যখন পাত্রী হলো একশ

ফিরলে বাড়ি আম্মা বলেন, দ্যাখছ ওগো, দ্যাখছ!

 

এমন করে নতুন জিনিস শিখছি দিবারাত্র

বিশ্বজোড়া আট শালি মোর সবার আমি পাত্র।