নিজের ‘হাল’ নিজেই ধরেছেন শাকিব খান !

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৩৮

 বিনোদন রিপোর্ট

 

মূলধারার বাণিজ্যিক সিনেমায় শাকিব খানে বাইরে নায়ক নিয়ে লগ্নি ওঠানো বেশ চ্যালেঞ্জের বিষয়। তাই প্রযোজকদের অন্যতম ভরসা এখনো শাকিব। কিন্তু বর্তমানে সিনেমায় শাকিবের যে সম্মানীর অঙ্ক, তা অনেক প্রযোজকের জন্য বাড়তি চাপ। কারণ সিনেমার হল যেমন কমছে, অন্যদিকে বাজেটের পরিমাণও বাড়ছে। এই দুই সঙ্কটের কারণে ঢাকাই সিনেমার ব্যবসার বাজারটা ভালো নেই অনেকদিন। দিনদিন ব্যবসায়িক অবস্থার হার নিচে নামছে। তাই শাকিবের প্রতি ভরসা থাকলেও দিনশেষে লাভের হিসেবটা মেলাতে হিমশিম খেতে হচ্ছে প্রযোজকরা। গতবছর থেকে শাকিবের সিনেমার খাতায় হিসেব টানলে দেখা যাবে শাকিব পরনির্ভরশীলতা ছেড়ে নিজের সিনেমার প্রযোজনার দায়িত্ব নিয়েছেন নিজেই। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করছেন শাকিব। আর কিছু সিনেমায় পুরোপুরি প্রযোজকের দায়িত্ব না নিলেও লভ্যাংশের শেয়ারে থাকছেন তিনি। যার কারণে বর্তমানে বাইরের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নেই শাকিবের নতুন কোনো সিনেমা।

গতবছর ‘পাসওয়ার্ড’ সিনেমার মধ্য দিয়ে শাকিব আবারো প্রযোজনায় নিয়মিত হন। নায়কের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফল তিনি। কারণ গতবছর মাত্র একটি সিনেমা ব্যবসায়িক দিকে থেকে সফল হয়েছে, আর সেটি ‘পাসওয়ার্ড’। এরপরই আরো ৪টি সিনেমার ঘোষণা দেন ‘এসকে ফিল্মস’ থেকে। সিনেমাগুলো হলো ‘বীর’, ‘আগুন’, ‘প্রিয়তমা’ ও ‘পাসওয়ার্ড ২’। এরমধ্যে বীর সিনেমাটি নির্মাণ করছেন কাজী হায়াত্। সিনেমার কাজ প্রায় শেষ। এই বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়।

শাকিবের হাতে বাইরে সিনেমা না থাকলেও প্রযোজনা মাধ্যমে দেশের ইন্ডাস্ট্রির যে হাল ধরেছেন তা প্রশংসার দাবি রাখে। ক্যারিয়ারের দীর্ঘ সময় পর শাকিবের শক্ত অবস্থানের কারণেই সিনেমা প্রযোজনার মাধ্যমে নিজেকে কাজে নিয়মিত রাখতে পেরেছেন। হলিউড বা বলিউডে শীর্ষ নায়ক ও নায়িকারা প্রায় সবাই প্রযোজনা ও লভ্যাংশ শেয়ারের মাধ্যমে সিনেমার সঙ্গে যুক্ত হন। বলিউডে তিন খানের উদাহরণও এক্ষেত্রে দেওয়া যায়। ঢাকাই ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থায় এমন উদ্যোগ অনেকে নিলেও শেষ পর্যন্ত হাল ছাড়তে হয়েছে অনেকের। সেই জায়গা থেকে শাকিব খান বেশ সফলতার সঙ্গেই এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছেন।