বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ইত্তেফাক ডেস্ক
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার বিভিন্ন স্থানে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১০টায় সরকারি কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহাজাদী রেবেকা শাহীন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সেখ শামসুদ্দোহা চাঁদ, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০টায় মুজিববর্ষ ও জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। অংশ নেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা প্রমুখ। কালীগঞ্জ (ঝিনাইদহ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার সময় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়।
মৌলভীবাজার : গতকাল শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাকেরগঞ্জ (বরিশাল) : গতকাল শনিবার বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া প্রমুখ।
গঙ্গাচড়া (রংপুর) : গঙ্গাচড়ায় গতকাল শনিবার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১টায় সব পেশা-শ্রেণির মানুষদের নিয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর : গতকাল শনিবার দিনাজপুর গোরে শহিদ বড়ো ময়দানে অর্থনৈতিক সম্পর্ক, বিপণন, অর্থমন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ ও ‘বঙ্গবন্ধুর দর্শন ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে হুইপ ইকবালুর রহিম এমপি প্রধান অতিথির বক্তব্য দেন। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
দাউদকান্দি (কুমিল্লা) : গতকাল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে মুজিববর্ষের ক্ষণগণনা এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন।
স্বরূপকাঠি (পিরোজপুর) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন উপলক্ষ্যে শনিবার স্বরূপকাঠিতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
