জেলা পুলিশের প্রেস ব্রিফিং
নাটোর প্রতিনিধি
মনের ভেতর পুষে রাখা ক্ষোভের জেরেই হত্যা করা হয় নাটোরের রাজশাহী সাইন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী কামরুল ইসলাম ওরফে জাহিদকে। হত্যাকাণ্ডের চার দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করে শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য জানান। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সরকারি এনএস কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র মিনহাজ হোসেনকে গ্রেফতারের পর হত্যা রহস্য বেরিয়ে আসে। ইতিমধ্যে মিনহাজ উদ্দিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, নাটোর সদর উপজেলার হালসা বাজারে একদিন ভ্যানে ওঠা নিয়ে মিনহাজ হোসেনকে দুটি থাপ্পর মারে কামরুল ইসলাম ওরফে জাহিদ। এতে সে ক্ষুব্ধ হয়। গত ৫ জানুয়ারি সন্ধ্যায় জাহিদের প্রেমিকা সোনিয়ার সঙ্গে দেখা করানোর কথা বলে নবীন কৃষ্ণপুর গ্রামের ইঁদুর মোড় থেকে কামরুলকে ডেকে ফাঁকা মাঠে নিয়ে যায় মিনহাজ। সেখানে তার পকেটে থাকা দা বের করে কামরুলের ঘাড়ে কোপ মারে। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে মাটিতে পড়ে যায়, এরপর উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। যেটি তদন্ত করছেন সদর থানার উপপরিদর্শক সামছুজ্জোহা।
