ইত্তেফাক রিপোর্ট
১৮ বছরের কম বয়সের অবিবাহিত অসচ্ছল মেয়েদের সরকার বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, নিরাপদ স্যানিটেশনের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং নতুন করে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপিত হবে সেগুলোতে প্রয়োজনীয় সংখ্যক টয়লেটের ব্যবস্থা থাকবে। গতকাল এফডিসিতে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার’ বিষয়ক ছায়া সংসদের আদলে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্পিকার হিসেবে বিতর্ক পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব অলী নূর ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম। ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এতে সহযোগিতা করে ‘রাইট হেয়ার রাইট নাউ’ প্ল্যাটফর্ম। বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিভাগকে হারিয়ে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়।
