ইত্তেফাক রিপোর্ট
একটি দেশের উন্নয়নের পথে দুর্নীতি ও অবৈধ টাকা অনেক বড়ো প্রতিবন্ধকতা। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) এর উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি আরো বলেন, দুদককে নিয়ে মানুষ এক সময় ব্যঙ্গ করত, বর্তমানে এ অবস্থার পরিবর্তন এসেছে। দুদক যে ইমেজ সঙ্কটে ভুগছিল, সেটা এখন কাটিয়ে উঠেছে। তবে দুদক মানুষের ভীতির কারণ হতে চায় না, দুদক চায় প্রীতির কারণ হতে।
তিনি বলেন, যদি আপনাদের চোখের সামনে কেউ হঠাত্ আঙুল ফুলে কলাগাছ হয়ে যায়। বুঝবেন এটা কোনো স্বাভাবিক কারণ নয়, এর পেছনে দুর্নীতি জড়িত। আমরা সেই দুর্নীতি মুছে ফেলতে চাই। এদিকে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম বলেন, দুনীতিবাজ কোনো কর্মকর্তাই ছাড় পাবে না। যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা আছেন তাদের আমরা ছাই দিয়ে ধরতে চাই। কেউ যেন মনে না করেন, অবৈধভাবে আয় করা টাকা নিয়ে তারা সুখে থাকবেন।
কর্মশালার শুরুতে অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, সরকার সন্ত্রাস ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে সন্ত্রাসকে রুখে দিচ্ছি। ২০১৬ সালের পর থেকে সন্ত্রাসীদের আর মাথা তুলে দাঁড়াতে দেইনি। একইভাবে দুদক দুর্নীতিবাজদের মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। আমরা যৌথভাবে কাজ করলে সরকারের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে।
