শরিয়তপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে ২০ লাখ টাকার অনুদান বিতরণ

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:০৯

শরিয়তপুর সদর উপজেলায় ৭৩ জন সুবিধাবঞ্চিতদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ২০ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে । শুক্রবার শরিয়তপুর জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন শেষে শরিয়তপুর সদরের সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন অপু এ অনুদান বিতরণ করেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শরিয়তপুর সদরের স্থানীয় সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন শরিয়তপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, শরিয়তপুর পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান ছাড়াও ছিলেন জেলা- উপজেলার সরকারি কর্মকর্তাগণ ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে গত শুক্রবার বিকালে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের কাউন্টডাউন আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রতিটি জেলা, উপজেলা ও সকল পাবলিক প্লেসে একইসঙ্গে কাউন্টডাউন শুরু হয়। এদিন সারা দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি পয়েন্টে, বিভাগীয় শহরগুলো, ৫৩ জেলা ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে মোট ৮৩টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ৬ শিক্ষার্থী

২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বাংলাদেশ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম শতবর্ষ উদযাপন করবে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সংসদের বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগের গত সরকারের ১০ জন মন্ত্রী, বর্তমান সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, ঢাকার দুই মেয়র, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন সাবেক গভর্নর, বিভিন্ন ধর্মের মানুষের প্রতিনিধি এবং বেশ কয়েকজন সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মী।

ইত্তেফাক/ এমএএম