বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হলেই দেশ উন্নত হবে :অর্থমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২২:৩৫

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের সরকারের একটাই লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হলেই দেশ উন্নত হবে। দেশের সকল উন্নয়ন পরিকল্পনার সূচনা বঙ্গবন্ধুর হাত ধরেই। তার হাত ধরেই সংবিধান পেয়েছি। তিনি আমাদের মুক্তির কবি ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নগরীর হাতিরঝিলের এমফিথিয়েটারে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত উত্সব অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠান স্থল থেকে একযোগে বাংলাদেশের ৪৯১ উপজেলায় এবং রাজধানীতে কেন্দ্রীয়ভাবে উত্সব পালন ও বর্ণিল আতশবাজি করা হয়। বঙ্গবন্ধুর ইতিহাস ও বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়      অনুষ্ঠানে। বর্ণিল অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এই অঞ্চলে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে হারিয়ে শীর্ষে অবস্থান করবে। অর্থনীতির আকার দিয়ে ২০৪১ সালে বাংলাদেশ টপ-২০ এর মধ্যে চলে আসবে। আপনারা এই হিসাব আমাদের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। এ সময় অর্থমন্ত্রী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রীর হাত ধরে অনেক স্বপ্ন এখন বাস্তব হয়ে আমাদের সামনে উঠে এসেছে। বঙ্গবন্ধুর লক্ষ্য অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করব। বঙ্গবন্ধুকে আমাদের মধ্যে আজীবন বাঁচিয়ে রাখতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ বলেন, তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্বতঃস্ফূর্তভাবে উদ্যাপনের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমাদের আজকের যে উন্নয়ন, তা বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী বাস্তবায়ন করছেন।