ভারত বা লন্ডনের স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের থেকে ভিন্ন বলে মনে করছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভারত বা লন্ডনের স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের মতো সবগুলো সরাসরি হয় না। জেলা পরিষদের নির্বাচনের মতো হয়ে থাকে কিছু। প্রথম দিকে কাউন্সিলর নির্বাচন হয়। তারপর সেখান থেকে অন্যান্য পদে যাচ্ছেন জনপ্রতিনিধি। আবার কোথাও সরাসরি মেয়র নির্বাচন হয়। বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, লন্ডন বা ভারতের স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় এমপিদের নিষেধাজ্ঞার ব্যাপারে স্পষ্ট করে কিছুই পাওয়া যায়নি।
তবে ভারত বা লন্ডনের স্থানীয় সরকার নির্বাচন মন্ত্রী বা এমপিদের প্রচারণায় অংশ নেওয়ার কোনো রেওয়াজ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমদ। তিনি বলেন, ঐসব দেশে স্থানীয় নির্বাচন নিয়ে মন্ত্রী-এমপিদের এতো মাথাব্যথাও নেই। আইনে স্পষ্ট করে এমন ধারাও নেই। তবে বাংলাদেশের বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী-এমপিরা প্রচারণায় গেলে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ থাকে। এজন্য আইন করে তাদের প্রচারণায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অন্যদিকে সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ইত্তেফাককে বলেন, ‘বাংলাদেশের বাস্তবতায় আচরণ বিধিমালায় মন্ত্রী-এমপিদের প্রচারণার বাইরে রাখা যৌক্তিক। কেননা ওনারা প্রচারণায় গেলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। লন্ডন বা ভারতের স্থানীয় নির্বাচনের সাথে আমাদের নির্বাচন ব্যবস্থাপনা এক নয়। তাদের সাথে আমাদের মেলালে হবে না। আমাদের বিদ্যমান ব্যবস্থা নিয়েই থাকতে হবে। সবচেয়ে বড়ো কথা আইনের প্রয়োগ। আইনের প্রয়োগ না থাকলে নানা সমস্যার কথা শোনা যায়।
