সাভারে পৃথক পৃথক স্থান থেকে এক স্কুল ছাত্রীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর এলাকার মজিদপুর থেকে স্কুল ছাত্রী শামিমা আক্তার (১৫) ও জামসিং মহল্লা থেকে সাইফুল ইসলাম মনির (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত শামিমা বগুড়ার ভোক্তাছিরা চাল নওদা গ্রামের মৃত শামছুল হকের মেয়ে। সে সাভারের মজিদপুর এলাকার ইমরানের বাড়িতে মায়ের সাথে ভাড়া বাসায় থাকতো। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী বলে জানা যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, প্রেম গঠিত ব্যাপারে শামিমা আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে একই রাতে রেডিও কলোনি জামসিং এলাকার জাকির হোসেনের বাড়ি থেকে সাইফুল ইসলাম মনির নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বরিশালের মুলাদী উপজেলার চর কমিশনার গ্রামের ফরিদ ব্যপারীর ছেলে।
আরও পড়ুন: ডিজিটাল ভোট ডাকাতির জন্য দুই সিটিতে ইভিএম: রিজভী
বাড়ির মালিকের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নিহতের কক্ষের দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে গামছা পেছানো ঝুলন্ত অবস্থায় মনিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আরআই
