গঙ্গাচড়ায় বিক্রি হচ্ছে কৃষিজমির টপ সয়েল

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:১৪

কমছে জমির উর্বরতা

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়া উপজেলায় জমির টপ সয়েল বিক্রি করে দিচ্ছে জমির মালিকরা। এতে করে জমির উর্বরতা শক্তি কমছে।  মাটির গুণাগুণের কথা চিন্তা না করে মালিকরা জমির উপরিভাগ টাকার বিনিময়ে বিক্রি করছে। জমিতে খাদ্য উপাদান হিসেবে ১৭ ধরনের উপাদান থাকা প্রয়োজন। সেখানে জৈবসারের ঘাটতি রয়েছে প্রচুর। তাছাড়া তাপমাত্রা ও আর্দ্রতার কারণেও জৈবসার নষ্ট হচ্ছে। শতকরা হিসেবে যেখানে জমিতে জৈবসার পাঁচ ভাগ থাকার কথা। সেখানে গঙ্গাচড়ায় রয়েছে মাত্র দেড় ভাগ। উপজেলার বেতগাড়ী, গঙ্গাচড়া সদর, গজঘণ্টা ইউনিয়নের এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র। প্রতিটি ট্রলি ভর্তি মাটি বিক্রি হচ্ছে পরিবহন বিশেষে ৬০০ থেকে ১ হাজার টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, জমির উপরিভাগের মাটি বিক্রি করা নিষেধ। কৃষির জন্য হুমকি। মাটির উপরিভাগে ছয় ইঞ্চি পর্যন্ত মাটিতে বিভিন্ন খাদ্যের উপাদান থাকে। যা বিভিন্ন ফসল ফলানোর জন্য উপযুক্ত। কিন্তু মাটি বিক্রি করলে সেই উপাদানগুলো জমিতে থাকে না। লোকজনকে মাটি বিক্রি করতে নিষেধ করা হয়। বিশেষ করে ইটভাটাগুলোতে টপ সয়েল বিক্রি করা হচ্ছে। ইটভাটায় অকৃষি জমির মাটি ব্যবহার করতে পারে।

তিনি আরো বলেন, এমনিতে গঙ্গাচড়ায় জমিতে জৈবসারের পরিমাণ কম। তার ওপর উপরিভাগের মাটি বিক্রি জমির জন্য আরো ক্ষতিকর। মাটিতে যেখানে জৈবসারের পরিমাণ শতকরা পাঁচ ভাগ থাকার কথা সেখানে রয়েছে দেড় ভাগ।