গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঐক্যফ্রন্টের নির্বাচনী পরিচালনা কমিটির সচিব মো. শাজাহান ফকিরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার সন্ধ্যায় পৃথকভাবে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মশিউর রহমান নয়েছ ও উপজেলা ছাত্রদলের নেতা পারভেজ হাসান।
ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকী অভিযোগ করে বলেন, গ্রেপ্তারকৃত বিএনপির নেতাদের বিরুদ্ধে কোনো মামলা ছিলো না। পুলিশ মিথ্যা মামলা করে তাদের জেল হাজতে পাঠাচ্ছে। এভাবে বিএনপির নেতাকর্মীকে ধরে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় ছিনিয়ে নেওয়া যাবে না। তিনি গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
আরো পড়ুন: ঠাকুরগাঁওয়ে হিন্দু বাড়িতে আগুন দেওয়ার তথ্য সত্য নয়: ইউএনও
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর, কাপাসিয়া, জয়দেবপুর, গাজীপুর সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা করতে পারে এমন অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে।
এদিকে ইতিপূর্বে গ্রেফতারকৃত উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মোতালেব ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির সরকারকে দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার শ্রীপুর থানা পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।
ইত্তেফাক/বিএএফ
