স্পোর্টস ডেস্ক
টটেনহ্যামের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ইউরোপীয় সেরা পাঁচ লিগের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সূচনার কীর্তি গড়েছে লিভারপুল। তবে লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ এমন অর্জনের পরও ভাবলেশহীন, জানালেন এ কীর্তি বিশেষ কোনো অনুভূতি সৃষ্টি করছে না তার মধ্যে! সাউদাম্পটনের কাছে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির ২-১ ব্যবধানে হার শীর্ষস্থানে তাদের জায়গা আরো পোক্ত করেছে।
প্রথমার্ধের ৩৭ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তবে পুরো ম্যাচে ১৪টি শট নেওয়া টটেনহ্যামও অবশ্য চেষ্টার কমতি রাখেনি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা জিওভানি লো সেলসো আর এরিক লামেলা দুটো সুযোগ নষ্ট না করলে হয়তো পয়েন্ট নিয়েই ফিরতে পারতো কোচ হোসে মরিনহোর শিষ্যরা। সেটা না হওয়ায় টানা দ্বিতীয় হারের কবলে পড়ে লন্ডনের দলটি। আর ২১ ম্যাচ শেষে ২০ নম্বর জয়টা তুলে নেয় অল রেডরা।
এ জয়ের ফলে অনেক কীর্তি গড়েছে দলটি। ২১ ম্যাচ শেষে ২০ জয় আর একটি ড্র নিয়ে ৬১ পয়েন্ট অর্জন করে ইউরোপীয় শীর্ষ পাঁচ লিগ ইতিহাসের শ্রেষ্ঠ সূচনার কীর্তিটা নিজেদের করে নিয়েছে লিভারপুল। শেষ ৩৮ ম্যাচে অপরাজিত দলটি এ সময়ে জিতেছে ১০৪ পয়েন্ট। ইউরোপীয় শীর্ষস্থানীয় লিগগুলোর ইতিহাসে ৩৮ ম্যাচের সময়কালে এরচেয়ে বেশি পয়েন্ট জিততে পারেনি আর কেউই। বুন্দেসলিগা বাদে ইউরোপের যেকোনো লিগেই প্রতি মৌসুমে ৩৮টা করে ম্যাচ হয়। মানে লিভারপুল টানা এক মৌসুম অপরাজিত আছে। এই কীর্তিটা রীতিমত অবিশ্বাস্য।
৩৮ ম্যাচে ১০২ পয়েন্ট জেতা চেলসি (২০০৫) আর ম্যানচেস্টার সিটি (২০১৮) আছে এ তালিকায় দ্বিতীয় স্থানে। টানা ২১ ম্যাচ গোল করে লিভারপুল নিজেদের সেরা গোলস্কোরিং রেকর্ডটাও ছুঁয়ে ফেলেছে। ১৯৩৩-৩৪ মৌসুমে নিজেদের শুরুর ২১ ম্যাচে গোলের কীর্তি গড়েছিলেন ফিরমিনোদের পূর্বসূরিরা।
তবে এতো সব কীর্তিগড়া জয়ও ক্লপকে খুব বেশি নাড়িয়ে দিচ্ছে না, ‘এ ব্যাপারে আমরা জানি, এটা বিশেষ কিছু। কিন্তু আমি একে অনুভব করতে পারছি না।’ ক্লপ জানালেন চূড়ান্ত লক্ষ্য শিরোপাজয়েই। তিনি বলেন, ‘যখন শিরোপাজয় নিশ্চিত হবে তখনই কাজটা শেষ হবে। কিন্তু তার আগ পর্যন্ত আপনাকে লড়ে যেতে হবে। এটা কেবলই শুরু। আমাদের চালিয়ে যেতে হবে কেননা আমাদের প্রতিদ্বন্দ্বীরা বেশ শক্তিশালী। পেপ গার্দিওলা ছেড়ে দেবে না। আমিও এটা করব না। তবে এখন পর্যন্ত ব্যাপারটা ভালোই।’
টটেনহ্যাম কোচ হোসে মরিনহো অবশ্য কিছুটা দুর্ভাগাই ভাবছেন নিজেদের, ‘এটাই ফুটবল, যেখানে কোনোদিন প্রাপ্য থেকে বেশিই পাবেন আপনি, কখনো প্রাপ্যটাই পাবেন না। আমার মনে হয় অন্তত কিছু পাওয়া উচিত ছিল আমাদের, যেখানে আমরা যাচ্ছি খালি হাতে।’
সাউদাম্পটনের কাছে ২-১ গোলে লেস্টারের হার শীর্ষে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগই এনে দিয়েছিল ক্লপের দলের সামনে। জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখে ১৩ পয়েন্টে এগিয়ে গিয়েছে তারা। গত রাতে ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতে থাকলে অবশ্য পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসবে।
দিনের অন্য ম্যাচে আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের লক্ষ্যভেদে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে। মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি মার্শিয়াল আর ম্যাসন গ্রীনউডের গোলে নরউইচকে ৪-০ ব্যবধানে হারিয়ে তালিকার পাঁচে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর চেলসি জর্জিনহো, ট্যামি আব্রাহাম আর ক্যালম হাডসন ওডোইয়ের গোলে বার্নলিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।
