অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত মালিঙ্গা

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:৫০

স্পোর্টস ডেস্ক

দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে প্রস্তুত লাসিথ মালিঙ্গা। ভারতের মাটিতে দল ২-০ ব্যবধানে পরাজিত হওয়ার পর গতকাল তিনি দেশে ফিরে এ কথা জানান।

৩৬ বছর বয়সি মালিঙ্গা মনে করেন টি-টোয়েন্টি যথেষ্ট ভালো করতে পারছে না শ্রীলঙ্কা। তিনি বলেন, ‘এটা করার সক্ষমতা আমাদের নেই।’ মাত্র এক বছর আগে অধিনায়কত্ব পাওয়ার সময় বিশ্ব র্যাংকিংয়ের ৯ নম্বরে থাকা দলের কাছ থেকে ম্যাচ জয়ী পারফরম্যান্স আশা করাটাও ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। তবে নিজ দলের এমন বাজে পারফরম্যান্সের দায়িত্ব নিতে ‘প্রস্তুত’ বলে জানান মালিঙ্গা। মালিঙ্গার নেতৃত্বে ২০১৪ টি-২০ বিশ্বকাপের শিরোপা জয় করে শ্রীল্কা এবং ২০১৬ সালের শুরুর দিক পর্যন্ত তিনিই দলের নেতৃত্ব দেন। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে—ইনজুরির কারণে বিভিন্ন টুর্নামেন্ট মিস করে এমনকি দলে জায়গা না পেলেও পুনরায় সুস্থ হয়ে ফিরে ২০১৮ সালের ডিসেম্বরে পুনরায় অধিনায়ক নির্বাচিত হন তিনি।