সাভারে পৃথক স্থান থেকে এক স্কুলছাত্রীসহ দুই জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

সাভারে পৃথক স্থান থেকে এক স্কুলছাত্রীসহ দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে পৌর এলাকার মজিদপুর থেকে স্কুলছাত্রী শামিমা আক্তার (১৫) ও জামসিং মহল্লা থেকে সাইফুল ইসলাম মনির (৩০) নামের এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত শামিমা বগুড়ার ভোক্তাছিরা চাল নওদা গ্রামের মৃত শামছুল হকের মেয়ে। সে সাভারের মজিদপুর এলাকার ইমরানের বাড়িতে তার মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, প্রেমগঠিত ব্যাপারে শামিমা আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অপরদিকে একই রাতে রেডিও কলোনি জামসিং এলাকার জাকির হোসেনের বাড়ি থেকে সাইফুল ইসলাম মনির নামের এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বরিশালের মুলাদী উপজেলার চর কমিশনার গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে।

বাড়ির মালিকের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নিহতের কক্ষের দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মনিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।