চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ আজ

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:৩২

আজ সোমবার চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে একাধিক প্রার্থী থাকলেও মূলত নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে নির্বাচন কমিশন কন্ট্রোল রুম খুলেছে।

এই আসনে মোট ১৭০টি কেন্দ্র রয়েছে। যার মধ্যে ৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান ইত্তেফাককে বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে করতে প্রস্তুতি নেয়া হয়েছে। আমাদের কাছে সব কেন্দ্র গুরুত্বপূর্ণ। সব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে বোয়ালখালী উপজেলায় ভোটার ১ লাখ ৬৪ হাজার ও শহর অংশে ভোটার ৩ লাখ ১১ হাজার ৯৮৮ জন। ভোট কক্ষ ১ হাজার ২৫২টি।

বিদেশি দূতাবাস ও সংস্থাসমূহ নজর রাখছে

নির্বাচন নিয়ে বিদেশি দূতাবাসসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। নির্বাচনের দিন পর্যন্ত বিদেশি দূতাবাসের লোকজন এবং নির্বাচন পর্যবেক্ষকদের অবস্থান থাকবে বলে জানা যায়। এসব সংস্থার পক্ষ থেকে রিটার্নিং অফিসার, প্রার্থীগণসহ প্রশাসন ও সমাজের বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা ও মতামত গ্রহণ করেছেন বলে জানা যায়।

জানা যায়, বিদেশি একটি দূতাবাসের শীর্ষ একাধিক কর্মকর্তা গতকালও চট্টগ্রাম-৮ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের সঙ্গে তার অফিসে সাক্ষাত্ করে সার্বিক নির্বাচনী কর্মকাণ্ডের ব্যাপারে জানতে চান।  স্থানীয় একটি অভিজাত হোটেলে আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সঙ্গে আলাদা বৈঠক করেন।