তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনকারী বেগম খালেদা জিয়া মুজিববর্ষে কী অবদান রাখতে পারবেন? গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে জেলে রেখে মুজিববর্ষ পালন জনগণের কাছে কতটুকু পৌঁছুবে! আমার সবিনয় প্রশ্ন—বঙ্গবন্ধুকে যে ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছিল, সেদিনটিকে যে বেগম খালেদা জিয়া মিথ্যা জন্মদিন পালন করে কেক কাটেন, তিনি এই মুজিববর্ষে কী অবদান রাখতে পারবেন? তিনি জেল থেকে মুক্ত হয়ে কি আবার ১৫ আগস্ট কেক কাটার সুযোগ চান?’
স্বদেশ প্রতিদিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ কে এম রহমতুল্লাহ এমপি, আকবর হোসেন পাঠান এমপি (চিত্রনায়ক ফারুক) ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন স্বাগত বক্তব্য দেন ও স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভারত সফরে তথ্যমন্ত্রী
এদিকে, চার দিনের ভারত সফরে আজ সোমবার ঢাকা ত্যাগ করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ। দুই দেশের তথ্য খাতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে এ সফরে ড. হাছান নয়াদিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একই সঙ্গে সমগ্র ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার ও বাংলাদেশে আকাশবাণী চ্যানেলের সম্প্রচার উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনেরও কথা রয়েছে।
