দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। গতকাল তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, গোড়া থেকে আমাদের অনেক কিছুই আরো সাবধান ও গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণ করতে হতো যা করা হয়নি। এজন্য সরকারের জলবায়ু নীতির সমালোচনাও তিনি গ্রহণ করেছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল। এতে ২৮ জনের মৃত্যু এবং দুই সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। তিন মাস পরও গুরুত্ব না বুঝে ক্রিসমাসের ছুটি কাটাতে চলে গিয়েছিলেন হাওয়াই দ্বীপে। প্রবল সমালোচনার মুখে দ্রুত ফিরেছিলেন ঠিকই। তবে তার পরও জনগণের ক্ষোভ হ্রাস পায়নি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়েন মরিসন। এমনকি কেউ তার সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানায়। এর পরই দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে তিনি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছেন।—রয়টার্স ও আল জাজিরা
