গুলশান থানায় প্রথম স্থান সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০০:৪৭

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বিগত কয়েক বছর ধরে স্কুল-কলেজগুলোর ফলাফলের ওপর থানা ও প্রতিষ্ঠানভিত্তিক একটি গ্রেডিং ফলাফল প্রকাশ করে থাকে। উক্ত ফলাফলে রাজধানীর ‘সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ’ গুলশান থানায় শীর্ষ স্থান অর্জন করে। গুলশান থানায় অবস্থিত ১৭টি স্কুল-কলেজের সদ্য প্রকাশিত জেএসসি ফলাফলের ওপর বিভিন্ন ক্যাটাগরিতে এ ফলাফল করে প্রতিষ্ঠানটি। শুধু জেএসসি-পিএসসি নয়, বৃত্তিতেও এদের রেকর্ড রয়েছে। গত বছর গুলশান থানায় ৮৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৭৫ জনই ছিল সাউথ পয়েন্টের, এর মধ্যে ট্যালেন্টপুলে পেয়েছিল ১৮ জন।

জেএসসি-তে গুলশান থানার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী ছিল বনানী বিদ্যানিকেতনের; ৬৫৯ জন। তন্মধ্যে পাশ করে প্রায় শতভাগ শিক্ষার্থী এবং জিপিএ-৫ পায় ৯৬ জন। শিক্ষার্থী সংখ্যায় ২য় অবস্থানে থাকা সাউথ পয়েন্ট স্কুলের শতভাগ শিক্ষার্থীই পাশ করে এবং জিপিএ-৫ পায় ১৮০ জন। শিক্ষার্থী সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ৩৩৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পায় মাত্র ৩১ জন। জিপিএ-৪ প্রাপ্তির দিক থেকেও সাউথ পয়েন্ট এগিয়ে। এ প্রতিষ্ঠান থেকে ৩৭৪ জন জিপিএ-৪ পায়। —প্রেস বিজ্ঞপ্তি।