বেসিক ব্যাংকের বেতন ভাতা কমানোর সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০০:৪৮

বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কমিয়ে এনে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কমানোর সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এ-সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।

গত ২২ ডিসেম্বর বেসিক ব্যাংকের নিজস্ব বেতনকাঠামো বাতিল এবং রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের সব কর্মকর্তার বেতন কমিয়ে ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে একটি চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়, বেসিক ব্যাংক বিগত সাত বছর ধরে ক্রমাগত লোকসানে থাকায় ২০১৩ সালের প্রবর্তিত ব্যাংকের নিজস্ব বেতনকাঠামো ও অন্যান্য সুবিধা বাতিল করা হলো। এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করেন ব্যাংকের ছয় জন কর্মকর্তা। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন। শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেয়।